যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে কারিগর জখম
যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামে গতকাল বুধবার বোমা তৈরির সময় বিস্ফোরণে আরিফ হোসেন (৩০) নামের এক ব্যক্তি জখম হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে ঘরে বসে বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমার স্প্লিন্টার, জালের কাঠি, কৌটার অংশবিশেষসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, আরিফ হোসেন নিজের ঘরে বসে বোমা তৈরি করছিলেন। দুপুরে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বোমার আঘাতে তাঁর বাম হাতের কবজি, মুখ ও বুকের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক সাব্বিরুল আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আরিফ একটি ডাকাত দলের সদস্য। তিনি মূলত বোমা তৈরির কারিগর। তাঁর বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার বাঁশখালী গ্রামে। সাত-আট বছর ধরে তিনি তেঁতুলিয়া গ্রামের এক নারীকে বিয়ে করে ঘরজামাই থাকেন।