যশোরে বোমা বিস্ফোরণে যুবক নিহত, আহত ১
যশোরের শার্শা উপজেলায় গত রোববার রাতে বোমা বিস্ফোরণে এক যুবক নিহত ও আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, হতাহত যুবকেরা ভাড়ায় বোমা তৈরির কাজ করতেন। বোমা তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে।নিহত যুবকের নাম মামুন (২৮)। তাঁর লাশ গতকাল সোমবার সকালে ঝিকরগাছা উপজেলার রাঘুনাথপুর বাগ গ্রামের বেতনা নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মামুনের বাড়ি যশোর শহরের রায়পাড়া এলাকায়।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গত রোববার রাতে শার্শা উপজেলার উলাশী বাজার-সংলগ্ন একটি জঙ্গলে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলের প্রায় দেড় শ গজ দূরে ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রাম থেকে গুরুতর আহত অবস্থায় বাবুকে (২৬) উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, বোমা বানাতে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। তবে সহযোগীরা মামুনকে সরিয়ে নেয়। ওসি আরও জানান, মামুন ও বাবু ভাড়ায় বোমা তৈরির কাজ করতেন। ওই রাতে বোমা তৈরির উদ্দেশ্যেই মামুন ও বাবু শার্শায় যান। এ ঘটনায় মামুন ও বাবুসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।