যশোরে বোমা হামলার ঘটনায় দুই ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কোতোয়ালি থানার অদূরে স্বর্ণপট্টিতে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হচ্ছেন: চূড়িপট্টি এলাকার মুরাদ নাসির ওরফে বিদ্যুৎ (৪০) ও বড় বাজার এলাকার গাজী মাহবুবুর রহমান ওরফে কালা বাচ্চু (৩২)। গতকাল বৃহস্পতিবার দুপুরে বড় বাজার এলাকা থেকে ওই দুজনকে আটক করে আমলি আদালত ‘ক’ অঞ্চলে পাঠানো হয়েছে। বিদ্যুৎ স্থানীয় সাংসদ খালেদুর রহমানের শ্যালক। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা বোমা হামলা ও দুই ব্যক্তিকে দা দিয়ে কোপানোর ঘটনায় জড়িত। আর কালা বাচ্চুর নামে একটি হত্যা মামলা রয়েছে। যশোর কোতোয়ালি থানা থেকে ১০০ গজ দূরে শহরের স্বর্ণপট্টি এলাকায় গত মঙ্গলবার রাতে দু-তিনটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। বোমার স্প্লিন্টারের আঘাতে বাজারের কয়েকটি দোকানের কর্মচারী ও পথচারী আহত হন। আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটির সময় সন্ত্রাসীদের দায়ের কোপে দুজন পথচারী জখম হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।