যশোরে বোমা হামলায় একজন আহত সাতজন আটক
যশোর সদর উপজেলায় গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলামের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে।সদর থানার পুলিশ জানায়, ২০০৯ সালে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপসিতডাঙ্গা গ্রামে লিটু নামের এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় নিহত লিটুর ভাই মো. ইসরায়েল পার্শ্ববর্তী আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আবুল হাসান ও আজিজুল ইসলামসহ ছয়-সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। সেই থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে এ বোমা হামলার ঘটনা ঘটে থাকতে পারে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম শুক্রবার রাতে পুলেরহাট বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর পরই আহত নজরুলের ভাই মোটরশ্রমিক নেতা ইসরাইলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল প্রতিপক্ষ হাসান ও আজিজুলসহ তাঁদের স্বজনদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা সাতটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে উভয়পক্ষের লোকজন পলাতক।এসআই আরও জানান, বাড়িঘরে ভাঙচুরের সময় সাতজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোস্তাফিজুর রহমান, শফিয়ার রহমান, মো. সোহবান, আবদুর রশিদ, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম ও মো. রাহাত। আদালতের মাধ্যমে গতকাল শনিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।