যশোরে বোমার বিস্ফোরণে তিন শিশু আহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।আহত শিশুরা হলো: উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবদুস শহীদের দুই ছেলে শরিফ (৫) ও শুভ (৬) এবং পার্শ্ববর্তী মোবারকপুর গ্রামের প্রয়াত বাদশা মিয়ার ছেলে সোহেল (৮)। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুরে ওই তিন শিশু স্টেশন এলাকার একটি ভাঙা ঘরের পেছনে খেলছিল। তারা সেখানে একটি কৌটাজাতীয় বস্তু খুঁজে পায় এবং সেটি খোলার চেষ্টা করে। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শরিফ ও শুভর মা শিউলী বেগম বলেন, তাঁর দুই ছেলে বেলা একটা পর্যন্ত বাড়ির উঠানেই খেলছিল। পরে সোহেল এসে তাদের স্টেশন এলাকায় ডেকে নেয়। এরপর খবর পান বোমা বিস্ফোরণে তারা আহত হয়েছে।২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনির হাসান প্রথম আলোকে বলেন, সোহেল ও শরিফের অবস্থা আশঙ্কাজনক। বোমার আঘাতে তাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। অস্ত্রোপচারের জন্য শরিফকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, রেলস্টেশন এলাকায় ওই শিশুরা লাল টেপ দিয়ে মোড়ানো বলের আকৃতির একটি বোমা খুঁজে পায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কোনো এক সময়ে সন্ত্রাসীরা ওই স্থানে বোমাটি রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।