যশোরে বোমায় যুবক নিহত
যশোরের চৌগাছা পৌরসভার ইছাপুর বটতলা মোড়সংলগ্ন এলাকায় বোমার আঘাতে ইসরাফিল হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ইসরাফিল ইছাপুর এলাকার কাওছার আলীর ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর মোড় এলাকায় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। শব্দ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথেই তাঁর মৃত্যু হয়।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমাটি ওই যুবকের বাঁ পকেটে ছিল। কোনো কারণে সেটির বিস্ফোরণ ঘটেছে। এতে ওই যুবকের বাঁ হাতের কবজি ও পেটের বাঁ পাশের অংশ ঝলসে গেছে। ওসি জানান, ধারণা করা হচ্ছে, কোথাও হামলা করার জন্য ইসরাফিল বোমাটি বহন করছিলেন।