যশোরে ব্যবসায়ী খুন লাশ নিয়ে বিক্ষোভ
যশোর শহরে বৃহস্পতিবার দিবাগত রাতে কামরুল ইসলাম (৫৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার যশোর শহরে লাশ নিয়ে মিছিল করে এলাকাবাসী। কামরুল মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি, রূপচাঁদা (সয়াবিন তেল) ও প্রাণ কোম্পানির যশোরের ডিলার ছিলেন। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, শহরের বকচর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান সেতু ট্রেডার্স থেকে রাত ১১টার দিকে কামরুল ও তাঁর স্ত্রীর বড় ভাই মাহমুদ এলাহী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মাহমুদ রানার কার্যালয়সংলগ্ন তাঁর বাড়িতে নেমে যান। পরে কামরুল মোটরসাইকেলে করে বাড়ির সামনে ছায়াবীথি সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গলা, কোমর, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যান। চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে এসে কামরুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মাহমুদ এলাহী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেজপাড়া গোলগোল্লা মোড় এলাকার মো. শিরু ও বেজপাড়া তালতলা মোড়ের মো. শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা লাশ নিয়ে শহরে মিছিল করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান। মাহমুদ এলাহী প্রথম আলোকে বলেন, ‘বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেল তাঁদের অনুসরণ করছিল। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। আমরা বিষয়টি বুঝেও ততটা গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে, ওই মোটরসাইকেলে যারা ছিল, তারাই কামরুলকে খুন করেছে।’ কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, কামরুলের পরিবার ও দোকানের কর্মচারীদের মাধ্যমে জানা গেছে, কামরুল মোটা অঙ্কের টাকা নিয়ে রাতে বাড়িতে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, ওই টাকা ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা তাঁকে হত্যা করতে পারে।