যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরের ঝিকরগাছা উপজেলার মাঠশিয়া গ্রামে আনোয়ারুল ইকবাল মিস্ত্রি (৪৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে কুপিয়ে খুন করে। ঠেকাতে গিয়ে আনোয়ারুলের স্ত্রী রুবি বেগম জখম হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আনোয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাঠশিয়া গ্রামের হযরত আলী মিস্ত্রির ছেলে। আনোয়ারুলের স্ত্রী রুবি বেগম জানান, গরমের কারণে তাঁরা রাতে দরজা খোলা রেখে ঘুমান। শনিবার রাতে কয়েকজন মুখোশধারী লোক ঘরে ঢুকে তাঁর স্বামীকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। স্বামীর চিৎকারে ঘুম ভেঙে গেলে তিনি দুর্বৃত্তদের ঠেকাতে যান। এ সময় দায়ের কোপে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন। দুর্বৃত্তরা তাঁর স্বামীকে ঘর থেকে টেনে বের করে পুকুরপাড়ে নিয়ে কুপিয়ে ফেলে যায়। ঘটনার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার উপপরিদর্শক আবদুল্লাহ-আল মামুন প্রথম আলোকে বলেন, আনোয়ারুল বিদেশ থেকে ফিরে বাড়িতে মুরগির খামার করে ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে খুন করা হতে পারে। নছিমনচালকের লাশ উদ্ধারআমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রাস্তার পাশের পাটখেত থেকে মাসুদ শেখ (৩৫) নামের এক নছিমনচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাসুদ কাশিয়ানী সদর ইউনিয়নের হারুন শেখের ছেলে।