যশোরে ব্যবসায়ীকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় খন্দকার মজনুল হক নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বেনাপোল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাঁচপুকুর এলাকার সেতুর পাশে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। মজনুল (৩৫) পুরোনো মোটরসাইকেল কেনা-বেচার ব্যবসা করতেন। তাঁর বাড়ি উপজেলার বাগআঁচড়া গ্রামে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। সন্ত্রাসীদের মারধরে আহত হন মজনুলের সঙ্গী আহসান কবির।যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আহসান কবির প্রথম আলোকে বলেন, ‘মজনুলের ছোট ভাই সাজিদুল হকের সঙ্গে শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলীর মেয়ের বিয়ে ছিল গতকাল। আনোয়ার আলীর বেনাপোলের বাড়িতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও শেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মজনুলের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলাম। নাভারন-সাতক্ষীরা সড়কের পাঁচপুকুর সেতুর কাছে রাস্তায় আড়াআড়িভাবে টানানো রশিতে বাধা পেয়ে আমরা পড়ে যাই। ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরলে দেখি, আমি মাঠের মধ্যে পড়ে আছি। কোনো রকমে উঠে বাগআঁচড়া বাজারে গিয়ে পুলিশকে খবর দিই।’এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির ব্যবহূত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ওসি আরও জানান, খুনের ঘটনায় গতকাল মজনুল হকের ভাই খন্দকার শরিফুল হক হত্যা মামলা করেছেন। এর আগে রাতে খুনের ঘটনায় জড়িত সন্দেহে বাগআঁচড়া বাজারের মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি আমিনুর রহমান (২৫) ও ইয়াকুব হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। আমিনুরের বাড়ি জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামে, আর ইয়াকুবের বাড়ি বাগআঁচড়া গ্রামে।