যশোরে ভারতীয় ভিসা আবেদন গ্রহণ কাল শুরু
যশোরে কাল মঙ্গলবার থেকে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। শহরের খুলনা বাসস্ট্যান্ডের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সকাল আটটা থেকে এ কার্যক্রম শুরু হবে। এক সপ্তাহ পর থেকে ভিসা বিতরণও করা হবে এই কেন্দ্র থেকে।
যশোরের এই ভিসা আবেদন কেন্দ্রে ইউক্যাশের মাধ্যমে ভিসা আবেদনের টাকা জমা দেওয়া যাবে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে এ ভিসা কেন্দ্র পরিচালিত হচ্ছে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা শাখার প্রধান মানিক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘টুরিস্ট ভিসার আবেদনের ক্ষেত্রে ই-টোকেন দরকার হবে। তবে ৬৫ ঊর্ধ্ব নাগরিকদের ক্ষেত্রে ই-টোকেন লাগবে না। এ ছাড়া চিকিৎসা, ব্যবসা, সাংবাদিক, ছাত্র বা অন্য কোনো ভিসার ক্ষেত্রে ই-টোকেনের দরকার হবে না। মঙ্গলবার থেকে যশোরে ভিসা আবেদন জমা নেওয়া হবে। এক সপ্তাহ পর থেকে এ কেন্দ্র থেকেই ভিসা বিতরণ শুরু করা হবে।’
মানিক চক্রবর্তী বলেন, সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত ভিসা আবেদন জমা নেওয়া হবে। শুধু মেডিকেল ভিসার ক্ষেত্রে সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দরে সমন্বিত তল্লাশি চৌকির (ইনটিগ্রেটেড চেকপোস্ট) যৌথ উদ্বোধন ঘোষণা করেন। দুই দেশের সম্পর্ক ও যোগাযোগ উন্নয়নে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে যশোরে নতুন ভিসা আবেদন গ্রহণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। যদিও অনেক আগে থেকেই বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা নতুন শাখা খোলার জন্য দীর্ঘদিন ধরে দুই দেশের সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন।
বেনাপোল অভিবাসন পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, পাসপোর্টের মাধ্যমে বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষ ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করছে।