যশোরে ভাষা প্রতিযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব শুরু হয়েছে। আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন।
এর আগে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা ওড়ানো হয়। ৪০ মিনিটের লিখিত পরীক্ষা শেষে এখন শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব চলছে।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ-বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডার) বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজিব, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর, প্রভাষক সাইফিন রুবাইয়াত, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক আকতার হোসেন, যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন ও মুন্সিগঞ্জের শ্রীনগর কলেজের বাংলা বিভাগের প্রধান কুদরত-ই-হুদা।
উৎসবে অংশ ১৩ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী জেলাগুলোর মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও যশোর।