যশোরে ভিক্ষা না করার অঙ্গীকার ৪৬৪ জনের
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে যশোর উপজেলা পরিষদ চত্বরে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সাত্তার এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে যশোর পৌর এলাকার বাইরের ১৫টি ইউনিয়নের ৪৬৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে আয়বর্ধক বিভিন্ন পণ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ১৮৭ জনকে ছাগল, ২৫ জনকে ভ্যান, ৮৮ জনকে হাঁস-মুরগি, ৩৪ জনকে মুদি ও ৩২ জনকে চা-দোকানের সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি অন্যদের মধ্যে বিভিন্ন ব্যবসার পণ্য বিতরণ করা হয়। এসব পণ্যসামগ্রী হাতে নিয়ে তাঁরা আর কখনো ভিক্ষা না করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সাত্তার। সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ ও সেতারা খাতুন, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম প্রমুখ।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, পুনর্বাসনের লক্ষ্যে ৪৬৪ জন ভিক্ষুকের হাতে প্রায় ২০ লাখ টাকার আয়বর্ধক সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই টাকার মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে পাঁচ লাখ, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সাত লাখ ও জেলা প্রশাসকের তহবিলের আট লাখ টাকা রয়েছে।
উপজেলা প্রশাসন বলছে, ভিক্ষুকেরা যাতে উপার্জন করে খেতে পারেন, সে জন্য নিবিড় তত্ত্বাবধান করবে তারা। আর কাউকে যাতে ভিক্ষা করতে না হয়, সে বিষয়েও খেয়াল রাখা হবে।
ইউএনও জানান, যশোর পৌর এলাকায় আরও ১৪২ জন ভিক্ষুকের তালিকা তাঁদের কাছে রয়েছে। আলাদা একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরও পুনর্বাসন করা হবে।