যশোরে ভৈরব নদ খনন প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত যশোরের ভৈরব নদ খনন ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের জন্য ২৭২ কোটি ৮১ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৬ আগস্ট একনেকের সভায় প্রকল্পটি পাস হয়েছে। কিন্তু প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
প্রকল্পের প্রস্তাব থেকে নদের ওপরে নির্মিত ২২টি অপরিকল্পিত সেতু ও কালভার্ট অপসারণ করার বিষয়টি ছেঁটে ফেলা হয়েছে। এ ছাড়া প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। আর এ কারণেই নদে নৌযান চলাচল ও নদের প্রবহমানতা সৃষ্টির যে মূল লক্ষ্য, তা বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা তৈরি হয়েছে।
ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির বলেন, জনগণের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফলে ভৈরব নদ খনন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু দুটি কারণে প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা রয়েছে। প্রথমত, প্রকল্প প্রস্তাব থেকে নদের ওপর নির্মিত অপরিকল্পিত সেতু ও কালভার্ট অপসারণের বিষয়টি ছেঁটে ফেলা হয়েছে। দ্বিতীয়ত, প্রকল্পের দীর্ঘসূত্রতা। পাঁচ বছর ধরে নদ খনন করলে এ অঞ্চলের নদ-নদীর পানির ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, ‘ভৈরব নদের বহতার সঙ্গে দক্ষিণাঞ্চলের কপোতাক্ষ, বেতনা, মুক্তেশ্বরী, চিত্রা ও ভবদহের হরিহর নদ-নদীর প্রবাহের পুনর্জীবনেরবিষয়টি জড়িত। অনুমোদিত নতুন প্রকল্পে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হয়নি। এ বিষয়ে আমাদের বক্তব্য জানিয়ে শিগগিরই সরকারকে চিঠি দেওয়া হবে।’
যশোরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, ভৈরব নদটি যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে উৎপন্ন হয়ে যশোর শহরের বুক চিড়ে বাঘারপাড়া ও অভয়নগর হয়ে খুলনার রূপসা নদীতে গিয়ে
মিলেছে। ভৈরব নদের অববাহিকার মানুষের কৃষি, মৎস্য, যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নদটি বেশ গুরুত্বপূর্ণ। চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদের প্রবাহের সঙ্গে ভৈরব নদের প্রবাহের যোগসূত্র রয়েছে। অনেক দিন আগেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর পর্যন্ত ৩৩ কিলোমিটারের মাথাভাঙ্গা নদীটি ভরাটহয়ে গেছে। এ কারণে ভৈরব নদের উৎসে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়।ফলে জোয়ারের সঙ্গে আসাপলি জমে ভৈরব নদের যশোর অংশে নাব্যতা কমে গেছে।নদ ভরাট হয়ে সরু হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনের সময় নদের নাব্যতা ফিরিয়ে নৌ-যোগাযোগের ব্যবস্থা করার জন্য ভৈরব নদ খননের প্রতিশ্রুতি দেন। ২০১৩ সালে নদের নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ করা হয়।
ওই সমীক্ষাপত্রে বলা হয়, চৌগাছার তাহেরপুর থেকে যশোর শহর পর্যন্ত ভৈরব নদের ওপরে ২২টি সেতু ও কালভার্ট রয়েছে। এগুলো নৌচলাচলে বাধা সৃষ্টিকারী, যা অপসারণ করে নতুনভাবে নির্মাণ করতে হবে। এ জন্য ওই প্রস্তাবে ৬৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। প্রকল্প পাস হওয়ার সময় পানিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাবের ওই অংশটি ছেঁটে দেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যশোর-ঢাকা ভায়া ঝিনাইদহ সড়কে শহরের বাবলাতলা থেকে নীলগঞ্জ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে পাঁচটি সেতু। সেতুর নিচ দিয়ে নৌকা চলাচলের মতো জায়গা নেই। এ ছাড়া সেতুর দুপাশে অবৈধ দখলদারেরা স্থাপনা নির্মাণ করেছেন। এ কারণে এককালের প্রমত্ত ভৈরব নদ এখন মরা খালে পরিণত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ভৈরব নদের ওপর নির্মিত ওই ২২টি সেতু ও কালভার্ট প্রকল্পের প্রস্তাব থেকে বাদদেওয়া হয়েছে। এসব সেতু জেলা পরিষদ, এলজিইডি ও সওজ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওই বিভাগগুলোকে সেতুগুলো অপসারণ করে নৌযান চলাচলের জন্য প্রয়োজনীয় উচ্চতা ও দৈর্ঘ্যসম্পন্ন করে নির্মাণ করতে বলা হবে। নির্বাহী প্রকৌশলী বলেন, ১৬ আগস্ট একনেকের সভায় প্রকল্পটি পাস হওয়ার পর যশোর জেলা উন্নয়ন সমন্বয় সভা হয়নি। এ কারণে বিষয়টি ওই বিভাগগুলোকে অবহিত করা যায়নি। তবে মৌখিকভাবে তাদের নির্বাহী প্রকৌশলীদের অবহিত করা হয়েছে।