যশোরে মাইক্রোবাসের ধাক্কায় দুই কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। ওই দুই কলেজছাত্রের নাম রাজীবুল ইসলাম (১৯) এবং পল্লব গাজী (১৮)। নিহত দুজনই নড়াইল ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলেন। আজ বুধবার বিকেল চারটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজীবুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার ভোয়াখালী গ্রামের তৌহিদুর রহমানের ছেলে এবং পল্লব গাজী একই গ্রামের হারুন গাজীর ছেলে।

নিহত পল্লব গাজীর মামা এনামুল হক জানান, রাজীবুল ও পল্লব দুই বন্ধু। তাঁরা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়েন। দুপুরে তাঁরা মোটরসাইকেলে করে যশোর-নড়াইল সড়ক দিয়ে যশোরে যাচ্ছিলেন। যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় রেজা ইটভাটার কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।’

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বলেন, ‘নিহত রাজীবুল ও পল্লবের মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।’