যশোরে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যশোরের আদালত। আজ বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া গ্রামের সাজ্জাদ আলী, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কাটাখালি গ্রামের মো. হুমায়ুন ও একই উপজেলার মোবারকপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে সুমন।
স্পেশাল জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (স্পেশাল পিপি) এস এম বদরুজ্জামান পলাশ বলেন, ‘মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাজ্জাদ আলী, হুমায়ুন ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ইসমাইল হোসেন আটক রয়েছেন। সাজ্জাদ আলী ও হুমায়ুন পলাতক।’
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৯ এপ্রিল যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে চালবোঝাই একটি ট্রাকে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় চালের বস্তার ওপরে রাখা কচুরলতির তিনটি ব্যান্ডিলের ভেতর থেকে ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক ইসমাইল, হেলপার (সহকারী) হুমায়ুন ও ট্রাকের মালিক সাজ্জাদকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ সাঈদুর রহমান বাদী হয়ে আটক তিনজনসহ মোট চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। দোষী প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের আবদুর রাজ্জাককে খালাস দিয়েছেন আদালত।