যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের ডিসি বাংলো সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তিনি আহত হন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা কার্যালয়ের পরিদর্শক আহত বিশ্বাস মফিজুল ইসলাম যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুলি তাঁর হাতের কনুই ছুঁয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করে। কর্মকর্তা মফিজুলের সঙ্গে থাকা অধিদপ্তরের যশোর কার্যালয়ের সেপাই তোফাজ্জেল হোসেন মুন্সি ওই ঘটনায় দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন: যশোরের শংকরপুর এলাকার তারেক কাজী (৪০) ও সদর উপজেলার বিরামপুর গ্রামের বিকাশ (৪১)। পরিদর্শক মফিজুল ইসলাম একটি মামলার সাক্ষ্য দেওয়া জন্য যশোর আসেন বলে জানা গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ‘তারেক শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর নামে একাধিক মামলা হওয়ায় তিনি এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মাসুদ হোসেন জানান, তারেকের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।