যশোরে মাদকের মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যশোরের স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতে গতকাল বৃহস্পতিবার এ রায় হয়।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে সাজ্জাদ আলী, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কাটাখালি গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. হুমায়ুন ও মোবারকপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সুমন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (স্পেশাল পিপি) এস এম বদরুজ্জামান পলাশ বলেন, মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাজ্জাদ, হুমায়ুন ও ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে ইসমাইল কারাগারে আছেন। অপর দুজন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত। তিনি হলেন চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের ওমর আলীর ছেলে আবদুর রাজ্জাক।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৯ এপ্রিল যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে চালবোঝাই একটি ট্রাকে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ট্রাকটিতে চালের বস্তার ওপরে রাখা তিন আঁটি কচুরলতির ভেতরে ২৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় ট্রাকের চালক ইসমাইল, সহকারী হুমায়ুন ও ট্রাকের মালিক সাজ্জাদকে আটক করা হয়। এ তিনজনসহ মোট চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়। ২০০৭ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।