যশোরে মার্কেটে আগুন, ১৮টি দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের সবচেয়ে বড় বাজার কালেক্টরেট মার্কেটে গত শুক্রবার সংঘটিত অগ্নিকাণ্ড ১৮টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কালেক্টরেট মার্কেট ব্যবসায়ী সমিতি গতকাল শনিবার দোকানপাট বন্ধ রাখে।
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) পরিমল কুণ্ডু বলেন, আগুনে ৫০ লাখ টাকার মতো ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর আগুন থেকে অন্তত সাড়ে পাঁচ কোটি টাকার মালামাল বাঁচানো হয়েছে বলে দাবি করেন তিনি।
কালেক্টরেট মার্কেটের ব্যবসায়ী জয়নাল ঢালী জানান, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের নৈশপ্রহরীরা ফোন করে আগুন লাগার কথা জানান। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।