যশোরে মেলার নামে লটারি-বাণিজ্য বন্ধের দাবি
যশোর টাউন হল মাঠে গ্রামীণ শিল্প মেলার নামে লটারি-বাণিজ্য বন্ধ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাতটি বাম প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারা। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর কার্যালয়ে এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়।
গতকাল বিকেলে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রথম আলোর যশোর আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর টাউন হল মাঠে মাসব্যাপী গ্রামীণ শিল্প মেলায় প্রতি রাতে লটারির আয়োজন করা হচ্ছে। ওই লটারির নামে গরিব মানুষের অর্থ লুট করা হচ্ছে। এতে করে সামাজিক বিশৃঙ্খলা মারাত্মক রূপ ধারণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ জুয়া খেলা থেকে একটি মহল কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যশোর জেলা প্রশাসনের নাকের ডগায় শহরের প্রাণকেন্দ্রে এ বেআইনি জুয়া খেলা চললেও রহস্যজনক কারণে প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ। উপস্থিত ছিলেন জাসদের জেলা সাধারণ সম্পাদক অশোক রায়, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক হাসিনুর রহমান, কমিউনিস্ট লীগের কামাল হোসেন, বাসদের সমন্বয়ক শাহজাহান আলী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপের সভাপতি মাস্টার নূরজালাল।