যশোরে যুবককে কুপিয়ে হত্যা
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা হ্যাচারিপাড়া এলাকায় পিকুল মোড়ল (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ ফেলে যায় বলে জানা গেছে।
পিকুল সদর উপজেলার আবরপুর দক্ষিণপাড়া গ্রামের আবদুল জলিল মোড়লের ছেলে। তিনি মাছের চাষ করতেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে পিকুল নিজের বাড়িতে ছিলেন। এ সময় পরিচিত কয়েকজন যুবক জেলা ছাত্রলীগের একজন নেতার কথা বলে তাঁকে ডেকে নিয়ে যান। এর ঘণ্টা তিনেক পর স্বজনদের কাছে মুঠোফোনে খবর আসে, পিকুল হ্যাচারিপাড়ায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ পিকুলের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রথম আলোকে দেওয়া পিকুলের ফুপা আকতার হোসেনের ভাষ্য, ‘ভাত খাওয়ার সময় পিকুলের পরিচিত এক ছেলে বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে যায়। এর আগে ওই ছেলে ঘরে বসে পিকুলের কাছ থেকে দেশলাই নিয়ে সিগারেট ধরায়। রাত সাড়ে ১২টার দিকে পিকুল ওই ছেলের সঙ্গে বেরিয়ে যায়। পরে মুঠোফোনে খবর আসে, পিকুলকে কোপানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে।’
আকতার হোসেনের ভাষ্যমতে, পিকুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের সহযোগী ছিলেন।
এ ব্যাপারে যশোর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই-তিনজন যুবক পিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।