যশোরে যুবককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বারান্দিপাড়ার লিচুতলা এলাকায় হাফিজুর রহমান (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হাফিজুর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার মনা মিয়ার ছেলে। তিনি স্থানীয় আহাদ জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে বারান্দিপাড়া লিচুতলা এলাকায় চায়ের দোকানের সামনে হাফিজুর দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর বুক ও মাথায় লাগে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

হাফিজুরের ভাই আজিজুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, শহরের চানপাড়া এলাকার কয়েকজনের সঙ্গে হাফিজুরের শত্রুতা ছিল। তারাই তাঁকে গুলি করে হত্যা করেছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল আলম প্রথম আলোকে বলেন, পূর্ব শত্রুতার জেরে হাফিজুরকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি এবং জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।