যশোরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ২
প্রতিপক্ষের লোকজন যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের হামলায় আরও তিনজন আহত হয়। গতকাল সোমবার সকালে উপজেলার সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় যুবদলের নেতার পক্ষের লোকজন প্রতিপক্ষ পাতিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য বিশারথ হোসেনসহ কয়েকজনের বাড়িতে হামলা চালিয়েছে। চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবদলের নেতা রায়হান উদ্দীন (৩২) পানিসারা ইউনিয়নের জামিরা গ্রামের মহসীন আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন বারুইহাটি গ্রামের আশা, জামিরা গ্রামের কবির হোসেন ও পাশা। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাদিপুর গ্রামের শফিকুল ও আলী আকবরকে আটক করেছে। রায়হানের বন্ধু শরিফুল ইসলাম বলেন, রোববার বিকেলে একটি ট্রাক ভাড়া করে রায়হানের নেতৃত্বে তাঁরা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সার্কাস দেখতে যান। রাত তিনটার দিকে ফেরার পথে চৌগাছার সাদিপুর গ্রামে পৌঁছালে ইউপি সদস্য বিশারথ হোসেনের নেতৃত্বে ১৪-১৫ জন পথরোথ করে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজন রায়হানকে ধরে নিয়ে মারধর ও পিটুনি দেয়। চৌগাছা থানার ওসি আবদুল খালেক বলেন, ভোরে সাদিপুর গ্রামের একটি রাস্তার পাশের দোকানের পেছন থেকে গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রায়হানের দুই হাত-পা রড ও লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে। যশোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ মাড়ুয়া গ্রামের একটি স্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে বিশারথের ছেলে শাহিন ও জামিরা গ্রামের রায়হানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহিনসহ দুজন আহত হন। ওই ঘটনার জের ধরে রায়হানকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।