যশোরে যুবদলের নেতাকে গুলি করে হত্যা
যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল খালেককে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেনাপোলের দীঘিরপাড় এলাকার শাহজালাল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।আবদুল খালেক উপজেলার পুটখালী গ্রামের নবীস উদ্দীনের ছেলে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল বেলা একটার দিকে খালেক তাঁর ছোট ছেলেকে বেনাপোল বাজারে রেখে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে শাহজালাল ফিলিং স্টেশনে যান। সেখানে পৌঁছার পর কয়েকজন দুর্বৃত্ত খালেককে ঘিরে ফেলে। এরপর তাঁর মাথা ও বুকে তিনটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে খালেকের মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বেনাপোল ও যশোর শহরে বিক্ষোভ করেছেন।এ ব্যাপারে ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক শংকর মণ্ডল জানান, খালেক এসে প্রথমে মোটরসাইকেলে তেল নেন। পরে বিলের টাকা দিতে কাউন্টারে এলে তিনজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।এ ব্যাপারে খালেকের ভাই আবদুল কাদের প্রথম আলোকে জানান, ছোট ছেলেকে হাইস্কুলে ভর্তি করাতে তিনি (খালেক) সকালে বাড়ি থেকে বের হন। এরপর দুপুরে তাঁর মৃত্যুর খবর আসে।যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক প্রথম আলোকে জানান, খালেক ছিলেন পুটখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক; একই সঙ্গে বিএনপির নির্ভরযোগ্য কর্মীও। খালেকের খুনিদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির দাবি জানান তিনি।বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।