যশোরে যুবলীগ ও সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন
যশোর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শিপনকে (৩৫) গতকাল বুধবার রাত আটটার দিকে গুলি করে হত্যা করা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঘোপের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ঢাকার সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রহম আলী (৩২) খুন হয়েছেন। গত মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করা হয়।
শিপন যশোর শহরের ঘোপ ধানপট্টি এলাকার নূর ইসলামের ছেলে। ঘটনার পর শিপনের বিক্ষুব্ধ স্বজনেরা বেলতলা এলাকার ফারুক ফারাজির বাড়িতে আগুন ধরিয়ে দেন। দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন ধরানোর বিষয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ বা কারণ জানা যায়নি। এ সময় স্থানীয় আরও কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিপন যশোর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঘোপ বেলতলা এলাকার এক দোকানে বসে ছিলেন। এ সময় মুখোশধারী ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে গিয়ে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েকটি গুলি ছোড়ে। গুলি শিপনের মাথা ও বুকে বিদ্ধ হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিপন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। হত্যার প্রতিবাদে কাল (আজ বৃহস্পতিবার) কর্মসূচি ঘোষণা করা হবে।
সাভারে নিহত রহম আলী সাভার পৌর এলাকার চাঁপাইন মহল্লার কটু মিয়ার ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) সহকারী স্টোরকিপার হিসেবে চাকরি করতেন।
নিহত রহম আলীর পরিবারের সদস্যরা জানান, মুঠোফোনের কল পেয়ে সোমবার রাত ১০টার দিকে রহম আলী বাসা থেকে বের হন। পরের দিন মঙ্গলবার সকাল সাতটার দিকে বাসা থেকে ২০০ গজ দূরে একটি বিলে তাঁর লাশ পাওয়া যায়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, মাথায় আঘাত করে রহম আলীকে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর কাদার মধ্যে মাথা পুঁতে রেখে পালিয়ে যায় খুনিরা। মঙ্গলবার সকালে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রহম আলীর আরেক ভাই ইনতাজ আলী বলেন, স্থানীয় রইস উদ্দিন (২৯) ও নাজমুল শিকদার (২৫) নামের দুই যুবকের কাছ থেকে দিন ১৫ আগে তাঁর ভাই রহম আলী সাত হাজার টাকায় একটি মুঠোফোন কেনেন। কয়েক দিন আগে নাজমুল ওই মুঠোফোনটি ফেরত চান। রহম ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তবে চাঁপাইন মহল্লার মোহাম্মদ শফিউল ইসলাম ও রবিউল আলমসহ স্থানীয় ব্যক্তিরা জানান, চাঁপাইনের একটি অংশে রাত-দিন জুয়ার আসর বসে। রহম আলী এর প্রতিবাদ করলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ হন। কয়েক দিন আগে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নাজির রহম আলীকে দেখে নেওয়ার হুমকি দেন।
মামলার বাদী রহমের বড় ভাই আজমত আলী বলেন, মামলায় নাজমুল, রইস, বাবু ও রুহুল আমিন নামের চারজনকে আসামি করা হলেও নাজিরের নাম উল্লেখ করা সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বলেন, জুয়া খেলায় বাধা প্রদানসহ মুঠোফোনকে কেন্দ্র করে রহম আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। আরও তদন্ত ছাড়া হত্যাকাণ্ডের মূল হোতাদের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।