যশোরে যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
যশোরের ঝিকরগাছা উপজেলায় আবদুল গফফার (৩৫) নামের এক যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কাকরিয়া গ্রামের একটি পেঁপেখেত থেকে পুলিশ গতকাল সোমবার লাশটি উদ্ধার করে। গফফার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের গাবুরাপুর গ্রামের মৃত মোতালেব আলীর ছেলে। গতকাল সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সকালে স্থানীয় লোকজন ঝিকরগাছা-বাঁকড়া সড়কের কাকরিয়া গ্রামের পেঁপেখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের বাঁ চোখে গুলির আঘাতের চিহ্ন ছিল। গফফারের ভাই শহিদুল ইসলাম জানান, একটি মামলায় জামিন নেওয়ার জন্যে ঈদের পরদিন গফফার ঢাকায় যান। তিনি মিরপুর এলাকার একটি বাড়িতে থাকতেন। গত রোববার দুপুরে সাদা পোশাক পরা চার-পাঁচজন লোক ওই বাড়ি থেকে মাইক্রোবাসে করে গফফারকে অপহরণ করে নিয়ে যান। ওই বাড়ির মালিক তাঁদের বিষয়টি জানিয়েছেন। উপজেলা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম জানান, আবদুল গফফার যুবলীগের কমিটির কোনো পদে না থাকলেও তিনি দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, গফফারের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় দুটি হত্যা মামলা আছে। ঝিকরগাছার আরব আলী ও রবিউল ইসলাম হত্যা মামলার সঙ্গে তিনি জড়িত। রবিউল হত্যা মামলায় জামিন নেওয়ার জন্যে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে গফফারকে খুন করা হয়েছে।