যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা
যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে (৩৫) গলা কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চূড়ামনকাটি গ্রামের আমবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দুপুরে চূড়ামনকাটি বাজারে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ লাশ নিয়ে বাজারে মিছিল করেছে।
জাকির হোসেন চূড়ামনকাটি গ্রামের ইমান আলী গোলদারের ছেলে। তিনি পরিবহন কাউন্টারে কাজ করতেন বলে জানা গেছে।
চূড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, জাকির ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ করা হয়েছে। লাশ দাফনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
পুলিশ ও পরিবার জানায়, প্রতিদিন সন্ধ্যার পরপরই জাকির বাড়িতে ফিরতেন। মঙ্গলবার মধ্যরাতেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। রাত সোয়া একটার দিকে তাঁরা গ্রামের মন্দিরসংলগ্ন আমবাগানের ভেতরে জাকিরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জাকিরের চাচাতো ভাই হাফিজুর রহমান বলেন, ‘জাকির মঙ্গলবার রাত আটটার দিকে মেয়ের জন্য কমলালেবু কিনে চূড়ামনকাটি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরার কারণে আমরা চাচাতো ভাইয়েরা তাঁকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির একপর্যায়ে আমবাগানের ভেতরে তাঁর লাশ দেখতে পাই। এ সময় লাশের পাশে কমলালেবু পড়ে ছিল বলেও তিনি জানান।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বলেন, মাদকসংক্রান্ত বিরোধ বা পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।