যশোরে যুবলীগ নেতাকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে গুলিবিদ্ধ আলমগীর হোসেন। ছবি-এহসান-উদ-দৌলা
হাসপাতালে গুলিবিদ্ধ আলমগীর হোসেন। ছবি-এহসান-উদ-দৌলা

যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের (৪২) বুকে তিনটি গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। আলমগীর সদর উপজেলার মুড়ুলী খাঁ পাড়া এলাকার আবদার বিশ্বাসের ছেলে।
এদিকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তাত্ক্ষণিকভাবে যুবলীগ ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল চত্ত্বর থেকে যশোর শহরে বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আলমগীর রাত নয়টার দিকে রামনগর এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় হঠাত্ পাঁচ/ছয় জনের একটি শসস্ত্র দল আকস্মিকভাবে সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ১০টার দিকে তাঁর দেহে অস্ত্রোপচার চলছিল।
আলমগীরের বোন আছিয়া জাহান প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে পাশের বাড়ির ছাদ থেকে আলমগীরকে লক্ষ্যকে বোমা মারা হয়েছিল। তখন বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলেও তাঁর গায়ে লাগেনি। ভাই প্রাণে বেঁচে যায়। সকালে যারা বোমা মেরেছিল তারাই রাতে আবার গুলি ও বোমা মেরেছে।
এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, হামলাকারী কয়েকজনের নাম জানা গেছে। তাদের আটকের জন্যে অভিযান চালানো হচ্ছে।