যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শিপনকে (৩৫) গতকাল বুধবার রাত আটটার দিকে গুলি করে হত্যা করা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঘোপের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শিপন শহরের ঘোপ ধানপট্টি এলাকার নূর ইসলামের ছেলে। ঘটনার পর শিপনের বিক্ষুব্ধ স্বজনেরা বেলতলা এলাকার ফারুক ফারাজির বাড়িতে আগুন ধরিয়ে দেন। দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন ধরানোর বিষয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ বা কারণ জানা যায়নি। এ সময় স্থানীয় আরও কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিপন যশোর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঘোপ বেলতলা এলাকার এক দোকানে বসে ছিলেন। এ সময় মুখোশধারী ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে গিয়ে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েকটি গুলি ছোড়ে। গুলি শিপনের মাথা ও বুকে বিদ্ধ হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিপন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। হত্যার প্রতিবাদে কাল (আজ বৃহস্পতিবার) কর্মসূচি ঘোষণা করা হবে।