যশোরে যুবলীগ নেতাকে জবাই
যশোরের শার্শা উপজেলায় গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের এক নেতাকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম কামরুজ্জামান ওরফে রতন (৩৫)। তিনি উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে রতন উপজেলার শাড়াতলা বাজার থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি রাজনগর যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ডিহি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন। তাঁরা বাক্কুরা খালের সেতুর পাশে পৌঁছালে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এর পর সন্ত্রাসীরা তাঁদের দুজনকে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে রতনকে পাশের মাঠে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে। জয়নাল সন্ত্রাসীদের সঙ্গে ধস্তাধস্তি করে একপর্যায়ে পালিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, রতনের লাশ জবাই করা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। কারা তাঁকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত নয়।