যশোরে যুবলীগ নেতাকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে (৩৫) জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে চূড়ামনকাটি গ্রামের আমবাগান থেকে জাকিরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে জাকির হোসেনের লাশ চূড়ামনকাটিতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।    

জাকির চূড়ামনকাটি গ্রামের ইমান আলী গোলদারের ছেলে। তিনি পরিবহন কাউন্টারে স্ট্যাটারি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পরপরই জাকির বাড়িতে ফিরতেন। গতকাল মধ্যরাতেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। রাত সোয়া একটার দিকে তাঁরা গ্রামের মন্দিরসংলগ্ন আমবাগানের ভেতরে জাকিরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘জাকির গতকাল রাত আটটার দিকে মেয়ের জন্যে কমলা কিনতে চূড়ামনকাটি বাজারে যান। রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় আমরা চাচাতো ভাইয়েরা তাঁকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির একপর্যায়ে আমবাগানের ভিতরে তাঁর গলাকাটা লাশ দেখতে পাই।’ লাশের পাশে মেয়ের জন্যে কেনা কমলা পড়ে ছিল বলেও তিনি জানান।

চূড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, জাকির ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলেও তিনি জানান। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখের দাবি, নিহত জাকির মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধ কিংবা পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হতে পারে।