যশোরে যুবলীগের কর্মীসহ দুজন খুন
যশোর শহরের ভৈরব নদের তীর থেকে রুহুল আমিন (২৮) নামের এক যুবলীগকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মনিরামপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ওই দুটি লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রুহুল আমিনের ভাই কবীর হোসেন বলেন, কয়েকজন বন্ধুর সঙ্গে গত সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে রুহুল আর ফেরেননি। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, রুহুলের লাশ গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, মনিরামপুরের রত্নেশ্বর ও গৌরীপুর গ্রামের মধ্যবর্তী সড়কের পাশ থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় মেলেনি। মরদেহের পাশে একটি ‘মাস্ক’ পাওয়া গেছে। সম্ভবত মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে।