যশোরে যুবলীগের নেতা গুলিবিদ্ধ
যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনার পরপরই রফিককে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। মিছিল ও সমাবেশ থেকে হামলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের সমর্থকদের দায়ী করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, বুধবার রাতে কাজীপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে কিশোর বয়সী দুই থেকে তিনজন রফিকের পায়ে গুলি করে পালিয়ে যায়। যশোরের সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। তাদের আটকের জন্য অভিযান চলছে।তাঁর সমর্থকেরা এ হামলার সঙ্গে জড়িত নয়, এ কথা উল্লেখ করে শাহীন চাকলাদার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা কোনো দলের নয়। ঘটনা তদন্ত করে রফিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।