যশোরে রণেশ দাশগুপ্ত পুরস্কার প্রতিযোগিতায় জেগে ওঠার আহ্বান
‘অবচেতনের ঘুম টুটবেই একদিন টুটবেই অমানিশা ঘোর’ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার আয়োজনে দুই দিনব্যাপী চতুর্থ রণেশ দাশগুপ্ত পুরস্কার প্রতিযোগিতার গতকাল সোমবার ছিল সমাপনী দিন। রবীন্দ্র, নজরুল, লোক ও দেশাত্মবোধক সংগীত, প্রবন্ধ, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার সেরা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে যদি ভাবি, কোটি জনতার মুখ দেখব, হয় না, কে বলেছে হয় না; এসো এই মঞ্চে উদীচী এমনই এক আয়না’ এ উদ্বোধনী সংগীতের মাধ্যমে পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসান বলেন, ‘সংস্কৃতির চর্চা মানুষকে সন্ত্রাস, মাদকের নেশাসহ সমস্ত অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে; পরিশীলিত, পরিমার্জিত ও শুদ্ধ করে মানুষকে ঋদ্ধ করে। অথচ সাংস্কৃতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া নিয়ে প্রশাসন নানা টালবাহনা করে।’ সংগঠনের আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উদীচী যশোরের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান, মনিরুল ইসলাম, কামরুল হাসান, নিয়াজ মাহমুদ, মঞ্জুরুল আলম, বিলাস রায়, আবুল কালাম আজাদ প্রমুখ।পরে উদীচীর বন্ধুরা খেত মজুরের কাব্য শিরোনামে সমবেত কবিতা আবৃত্তি, সমবেত নৃত্য ও সংগীত পরিবেশন করেন।