যশোরে রত্নগর্ভা ৫ মাকে সম্মাননা প্রদান

বিশ্ব মা দিবসের দুই দিনের অনুষ্ঠানে রত্নগর্ভা পাঁচজন মাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে যশোর টাউন হল মাঠে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে চারজন মা মঞ্চে উপস্থিত থেকে ক্রেস্ট, উত্তরীয়, বাঁধাই করা মানপত্র ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। অন্য একজন মাকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। তাঁর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে পাঁচজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দেশের খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেতা লায়লা হাসান।
রত্নগর্ভা মায়েরা হলেন পাবনা সদর উপজেলার ঘোষপুর গ্রামে জন্ম নেওয়া জাহান আরা, যশোরের মণিরামপুর উপজেলার বাঙালীপুর গ্রামের মোমেনা খাতুন, কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের সখিনা রহমান, ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জাহানারা বেগম ও বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের জোবেদা খাতুন। এর মধ্যে জোবেদা খাতুনকে মরণোত্তর সম্মাননা জানানো হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ার নোবেলখ্যাত ম্যাগ সাইসাই পুরস্কারপ্রাপ্ত ও যশোরের বেসরকারি সংস্থা বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ। বক্তব্য দেন সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, সাংবাদিক ও কবি ফখরে আলম, স্বাগত বক্তব্য দেন রওশন আরা রাশু। সবশেষে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার শিল্পী আলমীনা রহমান।
‘পৃথিবীর সবকিছু বদলে যায়, বদলায় না শুধুই মা’—এই স্লোগান সামনে রেখে বিশ্ব মা দিবস উদ্যাপন পর্ষদ যশোরের উদ্যোগে গত শনিবার বিকেলে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।