যশোরে রাস্তা বন্ধ করে আ.লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের চৌরাস্তা মোড়ে এমকে সড়কের ওপর গতকাল মঙ্গলবার বিকেলে সমাবেশ করেছে আওয়ামী লীগ। নিরাপত্তার কথা বলে পুলিশ এ সময় দড়াটানা, চিত্রা, চৌরাস্তা ও সিভিল কোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এতে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল যশোরে এ সমাবেশের আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ। যশোর, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা—এই চার জেলা থেকে ট্রাক, বাস ও পিকআপ ভ্যানে করে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন।যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, নির্বাহী সদস্য আলতাফ হোসেন, শেখ হারুন-অর রশীদ, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ। নাম প্রকাশ না করার শর্তে গতকাল দুপুরে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তিনি শহরের কারবালা এলাকা থেকে সাইকেল নিয়ে আরএন (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর) সড়কে যাওয়ার জন্য বের হন। পথে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে তাঁকে প্রথমে আটকে দেয় পুলিশ। বলে বকুলতলা ঘুরে যেতে হবে। বকুলতলা হয়ে দড়াটানা মোড়ে পৌঁছার পর পুলিশ আবার তাঁকে আটকে দিয়ে বড় বাজার ঘুরে যাওয়ার পরামর্শ দেয়। সড়কের ওপর সমাবেশ করার ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কেউ ধরেননি।বিভিন্ন মোড়ে পুলিশের ব্যারিকেডের বিষয়ে পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশ করা হবে জানিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশকে একটি অবহিত পত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে সমাবেশে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মোড়ে ব্যারিকেড দেওয়া হয়। পুলিশ সেটি করতে পারে।’সড়ক বন্ধ করে কেউ সভা-সমাবেশ করতে পারে কি না জানতে চাইলে এসপি কামরুল বলেন, ‘করা যাবে না, এমন কোনো আইন আছে বলে আমার জানা নেই। তবে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সড়কের ওপর সভা-সমাবেশ করা যাবে না মর্মে একটি আদেশ দেওয়া হয়েছিল বলে মনে পড়ে।’