যশোরে রাস্তায় প্রাণ গেল দুই ছাত্রীর
যশোর শহরের বকচর এলাকায় ট্রাকের ধাক্কায় স্নাতক ও স্নাতকোত্তর পর্বের দুই ছাত্রী প্রাণ হারালেন। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী পপি পারভিন (২৫) ও মনিরামপুর ডিগ্রি কলেজেরœস্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রমিছা খাতুন (২০)।
পপি মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আজিজুর রহমানের মেয়ে এবং রমিছা একই গ্রামের নূর মোহাম্মদ গাজীর মেয়ে। পপি কেশবপুর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধান-এর কর্মকর্তা আবুল কালাম আজাদের স্ত্রী।
একটি ভাড়া করা মোটরসাইকেলে চড়ে গতকাল দুপুরে ওই দুই ছাত্রী মনিরামপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। বকচর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পপি নিহত হন। আর গুরুতর অবস্থায় রমিছা ও মোটরসাইকেলচালক নাছিরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর রমিছা মারা যান।
রমিছার ভাই জাকির হোসেন বলেন, রমিছা পুলিশে চাকরির জন্য যশোর পুলিশ লাইনসে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন। পরে বাড়িতে ফেরার পথে তিনি মারা যান।
পপির খালু রওশন আলী বলেন, যশোর এমএম কলেজে মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ করতে পপি যশোরে আসেন। কলেজ থেকে বাড়িতে ফেরার পথে তিনি নিহত হন।