যশোরে রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা
বাড়তি দামে পণ্য বিক্রি করায় যশোর শহরে ফুড ভ্যালি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ শুনানি শেষে এ সাজা দেন।
দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ে অভিযোগকারী ব্যক্তি ও অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি হয়। আদালত সূত্রে জানা গেছে, যশোর শহরের এক বাসিন্দা ও তাঁর কয়েকজন বন্ধু ১৯ এপ্রিল আবাসিক হোটেল হাসান ইন্টারন্যাশনালের ফুড ভ্যালি রেস্তোরাঁয় যান। তাঁদের কাছ থেকে দেড় লিটারের একটি পানির বোতলের দাম নেওয়া হয় ৩০ টাকা। অথচ ওই বোতলের মোড়কে লেখা ছিল সর্বোচ্চ খুচরা মূল্য ২৫ টাকা। এর প্রতিকার চেয়ে ওই ব্যক্তি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে শুনানির জন্য নোটিশ দেওয়া হয়। গতকাল শুনানি শেষে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় রেস্তোরাঁর ব্যবস্থাপক নাজমুল করিমের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়া হয়েছে।
সোহেল শেখ বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী, ফুড ভ্যালি রেস্তোরাঁ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি মুচলেকা দিয়েছেন এরপর থেকে আর কোনো পণ্যের অতিরিক্ত দাম নেবেন না।’