যশোরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধর, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার রাতে আজিমা মোবিন নামের এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে রাতেই রোগীর বিক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসকদের বিশ্রামকক্ষে ভাঙচুর চালান এবং দায়িত্বরত চিকিৎসক গোলাম কিবরিয়া ও রাশেদ রেজাকে মারধর করেন।আহত চিকিৎসক গোলাম কিবরিয়াকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকেরা গতকাল সকালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করে দেন।আজিমা মোবিনের ভাই ও স্থানীয় একটি পত্রিকার বার্তা সম্পাদক খালিদ শিকদার জানান, সপ্তাহখানেক আগে তাঁর বোন দুটি ছেলে সন্তান প্রসব করেন। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি ঘটলে ওয়ার্ডের সেবিকারা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক গোলাম কিবরিয়াকে বারবার ডেকেও পাননি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি চিকিৎসকদের বিশ্রামকক্ষে বসে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখায় ব্যস্ত। মোবিনার মৃত্যুর পরে তিনি হাজির হন। হাসপাতালের তত্ত্বাবধায়ক সালাহ উদ্দীন আহমদ জানান, রোগী মারা যাওয়ার ঘটনায় রোগীর লোকজন ক্ষুব্ধ হয়ে কক্ষে ভাঙচুর চালান। এ সময় তাঁরা চিকিৎসক গোলাম কিবরিয়াকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন। ওই চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে সিভিল সার্জন সালাহ উদ্দীন আহমদ জানান, ঘটনার পরে খুলনার বিভাগীয় কর্মকর্তা হাসপাতালে এসে খোঁজখবর নেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও টেলিফোন করে খোঁজ নিয়েছেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যু ঘটেছে, এই অভিযোগে বিক্ষুব্ধ লোকজন চিকিৎসকদের মারধর করেন। তবে ছুরিকাঘাতে নয়, বরং ভাঙচুরের সময় চিকিৎসক কিবরিয়া জখম হতে পারেন বলে তিনি জানান। এ ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছে।