যশোরে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে চুড়ামনকাটি বাজারে এ মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চূড়ামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য আনিসুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, হামলার পর ১৫ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। অপরাধীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীসহ বহিরাগতরা স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার সময় প্রধান শিক্ষক ফজলুর রহমানকে বাস থেকে নামিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় থানায় মামলা হয়। কিন্তু আসামিদের পুলিশ আটক করতে পারেনি।