যশোর শহরে গতকাল শুক্রবার ছাত্রশিবির পরিচালিত দুটি কোচিং সেন্টারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় কোচিং সেন্টারের তিনজন কর্মকর্তা আহত হন।হামলার দায় স্বীকার করে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসন বলেন, ‘এই দুটি কোচিং সেন্টারে ভর্তি হওয়া কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাই করে জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হতো। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি জঙ্গিদের অর্থের জোগান দিত। তাই হামলা চালানো হয়েছে।’প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের একটি মিছিল থেকে যশোর শহরের জিরো পয়েন্ট মোড়ে অবস্থিত ফোকাস ও রাডার কোচিং সেন্টারে হামলা চালানো হয়। হামলাকারীরা প্রতিষ্ঠান দুটির আসবাবপত্র ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় কোচিং সেন্টারে থাকা প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে মারধর করা হয়। এতে রাডার কোচিং সেন্টারের পরিচালক হাফিজুর রহমান (২৫), ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান (২৪) ও গাইড সম্পাদক শাহাদাৎ হোসাইন (২২) আহত হন। তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাত্রশিবিরের যশোর শহর কমিটির সভাপতি শফিকুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা আনোয়ারের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী রাডার ও ফোকাস কোচিং সেন্টারে হামলা চালান। তাঁরা দুটি কম্পিউটার ও ব্যবস্থাপকের টেবিলের ড্রয়ার থেকে এক লাখ ২০ টাকা লুট করেন। তাঁরা অন্তত ২০টি জানালার কাচ ভাঙচুর করে টেবিল-চেয়ারে আগুন ধরিয়ে দেন। হামলায় তিনজন আহত হয়েছেন।যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, ছাত্রলীগের নামে স্লোগান দিয়ে শিবির পরিচালিত দুটি কোচিং সেন্টারে কে বা কারা হামলা চালিয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’