যশোরে শিশু ও কুষ্টিয়ায় ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে অপহরণের তিন দিন পর গতকাল মঙ্গলবার মো. সানি (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা শহরের বকচর চৌধুরীপাড়ার মনিকা আক্তারের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। সানি একই এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।এর আগে গত সোমবার কুষ্টিয়া শহরের জিকে ঘাট এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম তানিয়া রহমান (১৬)।যশোরে নিহত সানির বাবা ইলিয়াস হোসেন অভিযোগ করেন, ‘৯ মার্চ দুপুর ১২টার দিকে সানি নিখোঁজ হয়। এরপর একটি মুঠোফোনের নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে আমাকে বলে, “ছেলেকে যদি ফেরত চাও, তাহলে তিন লাখ টাকা নিয়ে মাছ বাজারে দেখা করো।” কিন্তু কোন বাজারে যেতে হবে তা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওই ব্যক্তি। এরপর টাকা নিয়ে শহরের সব মাছ বাজারে ঘুরেছি। কিন্তু কাউকে পাওয়া যায়নি। রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ওই রাতেই ছেলের একটি স্যান্ডেল প্রতিবেশী মনিকাদের বাড়িতে পাওয়া যায়। এরপর মনিকাদের পরিবারের লোকজনকে সন্দেহ হয়। পুলিশকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় বিষয়টি র‌্যাবকে জানাই।’র‌্যাব-৬-এর একটি দল গতকাল দুপুরে অভিযান চালিয়ে মনিকাদের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে সানির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাব সদস্যরা মনিকা, তাঁর বোন লাকি বেগম, মা নাসিমা বেগম ও ভাগনে নঈম হোসেনকে আটক করে তাঁদের কার্যালয়ে নিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী মনিকাদের বাড়ির আসবাব রাস্তায় এনে তাতে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে র‌্যাব কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।যশোরের সহকারী পুলিশ সুপার নাঈমুল হক দাবি করেন, সানিকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে মনিকা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, ৯ মার্চ বেলা দুইটার দিকে গলাটিপে হত্যা করে তিনি সানির লাশ টিভির বাক্সে রাখেন। পরে রাতে তিনি তাকে সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেন। সানির মায়ের সঙ্গে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে তিনি তাকে হত্যা করেছেন।এ বিষয়ে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর জাহিদুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। কুষ্টিয়া শহরের জিকে ঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে গতকাল মঙ্গলবার তানিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তানিয়া সোমবার সন্ধ্যায় তার শোওয়ার ঘরে যায়। রাত নয়টার দিকে তার মা ডাকলেও সে সাড়া দেয়নি। পরে তার মা ও কয়েকজন প্রতিবেশী পাশের ঘরের ওপর দিয়ে ভেতরে ঢুকে দেখেন, তানিয়ার গলায় রশি পেঁচানো, মৃতদেহ মেঝেতে পড়ে আছে। গতকাল সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।তানিয়ার মা অভিযোগ করেন, প্রতিবেশী আয়নুল হক (৩২) তাঁর মেয়েকে কয়েক বছর ধরে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছে। আয়নুলই তাঁর মেয়েকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি। তবে আয়নুলের স্ত্রী তানিয়া খাতুন তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) তহিদুর রহমান জানান, লাশের সুরতহাল করা হয়েছে। তানিয়ার গলার চারপাশে রশি দিয়ে পেঁচানোর চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।