যশোরে শীর্ষ সন্ত্রাসী শাহজাদা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের একটি দল গত মঙ্গলবার গভীর রাতে যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী সম্বন্ধকাটি গ্রামে অভিযান চালিয়ে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী শাহজাদা ওরফে সাজুকে (৪০) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ঢাকার পূর্ব রামপুরার ১৬৯/১২ সড়কে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিএনপি সরকারের শেষ সময়ে দেশের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, হারিছ, প্রকাশ, সুইডেন আসলামসহ ২০ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হয়। এ তালিকার সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য সরকার দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে। এরপর শাহজাদা পালিয়ে ব্যাংককে চলে যান। পুলিশ তখন থেকে তাঁকে খুঁজছে। চার বছর পর শাহজাদা সপ্তাহখানেক আগে দেশে ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে আবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য গত মঙ্গলবার যশোরে আসেন। নাম-পরিচয় গোপন করে শার্শার ওই গ্রামে অবস্থান করলে পুলিশের একটি দল অভিযানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নামে ঢাকার খিলগাঁও ও রামপুরা থানায় পাঁচটি খুনসহ ১৯টি মামলা রয়েছে।