যশোরে শ্রমিক লীগ ও যুবলীগের ২ কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে যুবলীগ ও শ্রমিক লীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন কসবা এলাকার বিমান অফিস মোড়ে যুবলীগের কর্মী জামাল হোসেন (২৬) ও উপশহর পার্কে শ্রমিকলীগ কর্মী বিল্লাল হোসেনকে (১৯) দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। জামাল শহরের পুরাতন কসবার নিরিবিলি এলাকার আবদুস সামাদের ছেলে। আর বিল্লাল সদর উপজেলার বিরামপুর সারথী মোড়ের চান্দু মিয়ার ছেলে। এদিকে জামাল হত্যাকাণ্ডে ব্যবহূত একটি রক্তমাখা দা উদ্ধার করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, জামাল গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহীদ মসিয়ূর রহমান সড়কে বিমান অফিসের সামনে বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েক যুবক এসে তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে চলে যায়। শহরের ব্যস্ত এলাকায় বহু মানুষের সামনে এ ঘটনা ঘটলেও ভয়ে কেউ এগিয়ে যায়নি। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে জামাল মারা যান। জামালের ভাবির বোন জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে জানান, ‘বিকট শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি মুমূর্ষু অবস্থায় রাস্তার ওপর এক ব্যক্তি পড়ে আছেন। কাছে গিয়ে দেখি জামাল ভাই। হাসপাতালে নিতে নিতেই তিনি মারা যান।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার প্রথম আলোকে বলেন, বছর দুয়েক আগে যুবলীগের সক্রিয় কর্মী জামালের আপন ভাই জাফরকে একই এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। জামাল ছিলেন ওই খুনের মামলার বাদী। ধারণা করা হচ্ছে, যারা জাফরের খুনি, তারাই জামালকে হত্যা করেছে। এদিকে, সন্ধ্যায় যশোরের উপশহর এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে শ্রমিক লীগের কর্মী বিল্লাল খুন হন। বিল্লাল বাড়িতে হাওয়াই-মিঠাই তৈরি করে পাঁচ-ছয়জন কিশোরের মাধ্যমে ফেরি করে বিক্রির ব্যবসা করতেন বলে জানা গেছে। বিল্লালের বন্ধু লাল চান প্রথম আলোকে বলেন, ‘বিকেল ছয়টার দিকে বিল্লালসহ আমরা কয়েক বন্ধু উপশহর পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় ঘোপ বেলতলা এলাকার সলেমান ও বিপ্লবের নেতৃত্বে চারজন গিয়ে বিল্লালকে ডেকে পার্কের বাইরে স্কুলের মাঠে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিল্লালের চিৎকার শুনে এগিয়ে যাই। রক্তাক্ত অবস্থায় বিল্লালকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাই। পথেই তাঁর মৃত্যু হয়।’ দুটি হত্যাকাণ্ডের ব্যাপারে গতকাল রাতে যশোরের পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলোকে বলেন, বিল্লাল হত্যায় জড়িত সন্দেহে বিপ্লব নামে এক যুবককে আটক করা হয়েছে। জামাল হত্যার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।