যশোরে শ্রমিকদের 'খামখেয়ালি' অবরোধে দুর্ভোগ
যশোর শহরের মুড়লী মোড় এলাকা থেকে আজ বুধবার রাত ৯টার দিকে মোটর শ্রমিক ইউনিয়নের আটজনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। প্রতিবাদে শ্রমিকেরা যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ মোড়, খাজুরা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে গাড়ি আড়াআড়ি করে স্বল্প ও দূর পাল্লা-সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
শ্রমিকদের ‘খামখেয়ালি’ এ কর্মসূচির কারণে ঢাকাগামী যাত্রীরা রাত ৯টা থেকে ওই এলাকায় আটকা পড়ে আছেন। এতে মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, মুড়লী মোড়ের একটি ঘরে শ্রমিকেরা নেশা করে জুয়া খেলে এলাকার পরিবেশ নষ্ট করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আটজনকে আটক করে। এরপর শ্রমিকেরা রাস্তার ওপর গাড়ি রেখে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে। শ্রমিক নেতাদের থানায় ডাকা হয়েছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা আসেনি।
জানতে চাইলে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম প্রথম আলোকে বলেন, মুড়লি মোড়ে একতা শ্রমিক সংঘ নামে একটি ক্লাব আছে। সেখানে সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত শ্রমিকেরা তাস ও লুডু খেলে। তিনি দাবি করেন, জুয়া নয় স্পিড (কোমল পানীয়) খাওয়ার বাজিতে তারা খেলা করে। কোন নোটিশ ছাড়াই পুলিশ তাদের আটক করে নিয়ে গেছে। থানায় ছাড়াতে গেলে পুলিশ ঘুষ চেয়েছে।
কোন পূর্ব ঘোষণা ছাড়াই অবরোধ কর্মসূচি পালনে মানুষের ভোগান্তি হয়। এ ব্যাপারে জানতে চাইলে আজিজুল আলম বলেন, ‘ওটাই তো আমাদের প্রতিবাদের ভাষা।’