যশোরে ষাটের দশকের ২৪ সাংবাদিককে সম্মাননা প্রদান
ষাটের দশকে তাঁরা নিছক ভালো লাগা থেকে মানুষের কল্যাণে সাংবাদিকতা শুরু করেছিলেন। এখনকার মতো তখন এত সুযোগ-সুবিধা ছিল না। তেমন বেতনও দেওয়া হতো না। তবু সংবাদের বস্তুনিষ্ঠতা ছিল। অথচ এখন কোটিপতিরা নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য পত্রিকা বের করেন, আর সাংবাদিকেরা তাঁদের স্বার্থ রক্ষায় কাজ করেন। এ কারণে এখন সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে।গতকাল বুধবার যশোরে সম্মাননা পাওয়া প্রবীণ সাংবাদিকেরা সাম্প্রতিক সময়ের সাংবাদিকতা সম্পর্কে এভাবেই নিজেদের অভিমত ব্যক্ত করেন।সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ষাটের দশকের বৃহত্তর যশোরের ২৪ জন সাংবাদিককে যশোর প্রেসক্লাবের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন যশোর জেলার ১৬ জন, ঝিনাইদহের চারজন, মাগুরার তিনজন ও নড়াইলের একজন। তাঁদের মধ্যে ১৩ জনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিকেরা বলেন, তখন সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি ছিল। অথচ এখন সাংবাদিকেরা বিভিন্ন দলে বিভক্ত। সম্মাননা পাওয়া প্রবীণ সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন এস কে জমির আহমেদ, দীপক রায় চৌধুরী ও মশিউল আজম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নুরুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাবেদ আহম্মেদ ও প্রেসক্লাবের সম্পাদক আহসান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি একরাম-উদ-দৌলা।অতিথিরা সম্মাননা স্মারক হিসেবে সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন।