যশোরে সন্ত্রাসীদের ছোড়া বোমায় দুজন আহত
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামে গত রোববার রাতে সন্ত্রাসীদের ছোড়া বোমায় ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শরীফ জামিল মো. আসাদ (৪২) ও মণ্ডলগাতী গ্রামের গিয়াস উদ্দীন (৪০) আহত হয়েছেন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, আসাদের ডান পায়ের হাঁটুর ওপরে কেটে নিচের অংশ বাদ দেওয়া হয়েছে। গিয়াসের একটি অঙ্গ বোমার আঘাতে উড়ে গেছে।আসাদের ভাই নারী ও শিশু নির্যাতন দমন আদালতের এপিপি শরীফ নূর মো. আলী রেজা জানান, রাত ১০টার দিকে যশোর শহরের ধর্মতলা বাজার থেকে আসাদ, গিয়াস ও তাঁদের সঙ্গী মুক্তা বাড়ি ফিরছিলেন। তাঁরা খোলাডাঙ্গায় সারের গুদামের সামনে পৌঁছালে সাত-আটজন সন্ত্রাসী পেছন থেকে মুক্তাকে ধাওয়া করে। মুক্তা পালানোর সময় সন্ত্রাসীরা বোমা ছোড়ে। এতে আসাদ ও গিয়াস আহত হন।এ ঘটনায় গিয়াসের ভাই নাসির উদ্দীন যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় ওই গ্রামের আট-নয়জনকে আসামি করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মুক্তা দুটি খুনের মামলার আসামি। ওই গ্রামের পরাগসহ কয়েকজনের সঙ্গে মুক্তার পূর্বশত্রুতা ছিল। এ কারণে বোমা হামলা করা হতে পারে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।