যশোরে সন্ত্রাসীহামলায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতলেব বিশ্বাস (৫২) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার রাত আটটার দিকে ব্যাংদহ বাজারে এ ঘটনা ঘটে।  মতলেব বিশ্বাস ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতলেব বিশ্বাস সন্ধ্যায় মনোহরপুর বাজার থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে ব্যাংদহ বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা  দুটি মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। তাঁর পেট ও পায়ে দুটি গুলি লেগেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ গতকাল শনিবার দুপুরে বলেন, কারা তাঁকে গুলি করতে পারে, এ বিষয়ে মতলেব বিশ্বাস মুখ খুলছেন না। এ কারণে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এখনো মামলা হয়নি।

এদিকে শুক্রবার সন্ধ্যায় মনিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটেছে।

এর আগে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলার মধুমিতা প্রেক্ষাগৃহ এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আওয়ামী লীগের পাঁচ কর্মী-সমর্থক আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে মনিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।