যশোরে সাংবাদিকদের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি, যশোর থেকে প্রকাশিত দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম চন্দন কুমার নাথ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, বিনয় মল্লিককে শিবপুর থানার একটি প্রতারণার মামলার আসামি হিসেবে বিকেলে নরসিংদীর আদালতে হাজির করে পুলিশ। জামিনে মুক্তি পাওয়ার পরপর বিনয় মল্লিক যশোরের উদ্দেশে রওনা দিয়েছেন।
গত সোমবার সন্ধ্যায় যশোর শহরের নিজ বাসভবন থেকে সাদাপোশাকের পুলিশ বিনয় মল্লিককে গ্রেপ্তার করে নরসিংদী নিয়ে যায়।
এদিকে গতকাল দুপুর ১২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের যৌথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু। বিনয় কৃষ্ণ মল্লিককে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, এমন দাবি করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ারুল কবীর। একই সঙ্গে অবিলম্বে বিনয় কৃষ্ণের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে অপসারণের দাবি জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, অবিলম্বে বিনয় কৃষ্ণের মুক্তি ও মামলা প্রত্যাহার না করলে ১৬ মার্চ যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বর্জন। একই সঙ্গে ওই দিন প্রেসক্লাবের সামনে কালো ব্যানার নিয়ে মানববন্ধন করা হবে। বুধবার (আজ) প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। এ ছাড়া যশোর পুলিশের ইতিবাচক খবর লিখবেন না সাংবাদিকেরা।
এরপর সাংবাদিকেরা প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর ঘুরে জেলা প্রশাসকের দপ্তরের সামনে যায়। সেখানে কলম, ক্যামেরা মাটিতে রেখে অন্তত দুই ঘণ্টা অবস্থান নেন তাঁরা। এ সময় পুলিশ সুপারকে অপসারণের দাবি তুলে স্লোগান দেন তাঁরা।
এদিকে বিনয় কৃষ্ণকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গত সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবে বিনয় কৃষ্ণ মল্লিক এক সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরে তাঁকে বরখাস্ত করার দাবি জানান। ওই দিন সন্ধ্যায় যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের বাড়ি থেকে বিনয় কৃষ্ণকে সাদাপোশাকের পুলিশ গ্রেপ্তার করে।