যশোর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, যশোর থেকে প্রকাশিত দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের মুক্তি, মামলা প্রত্যাহার ও পুলিশ সুপারের অপসারণের দাবিতে যশোরের সাংবাদিকদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
আন্দোলনের মুখে গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান প্রেসক্লাবে গিয়ে বিনয় কৃষ্ণের মামলা নিষ্পত্তিতে পুলিশ আইনি সহায়তা দেবে বলে আশ্বাস দিলে সাংবাদিকেরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের মধ্যস্থতায় গতকাল দুপুরে তাঁর দপ্তরে সাংবাদিক নেতাদের সঙ্গে পুলিশ সুপার আনিসুর রহমানের বৈঠক হয়।
বৈঠক শেষে ডিসি, এসপি ও সাংবাদিক নেতারা প্রেসক্লাবে আসেন। সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে এসপি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাংবাদিক ও পুলিশদের কাজ একই ধরনের। এ জন্য আমরা দায়িত্ব পালনে একে অপরকে সহায়তা করব। সাংবাদিকেরা যাতে পুলিশের কাছ থেকে যেকোনো ধরনের তথ্য দ্রুত পেতে পারেন, সে জন্য সহকারী পুলিশ সুপার তানভীরকে পুলিশের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ারও আপনাদের তথ্য দিয়ে বিশেষভাবে সহায়তা করবেন।’
সাংবাদিকদের পক্ষ থেকে যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা বলেন, জেলা প্রশাসক হুমায়ুন কবীরের হস্তক্ষেপে উদ্ভূত পরিস্থিতির সন্তোষজনক সমাধান হয়েছে। এ জন্য সাংবাদিকদের ঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বর্জনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম প্রমুখ।
এর আগে দুপুর ১২টার দিকে প্রেসক্লাব চত্বরে পুলিশ সুপার আনিসুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। পরে ডিসির আহ্বানে সভা মুলতবি রেখে তাঁর দপ্তরে বৈঠকে যোগ দেন সাংবাদিক নেতারা।
১৩ মার্চ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিনয় কৃষ্ণ মল্লিক। ওই দিন সন্ধ্যায় যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের বাড়ি থেকে বিনয় কৃষ্ণ মল্লিককে সাদা পোশাকে পুলিশ আটক করে নিয়ে যায়।
এরপর নরসিংদীর শিবপুর থানার একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। নরসিংদীর আদালত থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় বিনয় কৃষ্ণ জামিনে মুক্তি পান।