যশোরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দিতে যশোর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পুলিশের সব ধরনের ইতিবাচক সংবাদ না লেখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিক সমাবেশ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যশোর থেকে প্রকাশিত দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে গ্রেপ্তার করার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে অবিলম্বে বিনয় কৃষ্ণের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে অপসারণের দাবি জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের যৌথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু। সাংবাদিক ও মানবাধিকারকর্মী বিনয়কৃষ্ণ মল্লিককে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে দাবি করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ারুল কবীর।
সভায় বলা হয়, অবিলম্বে বিনয় মল্লিকের মুক্তি ও মামলা প্রত্যাহার না করলে ১৬ মার্চ যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বর্জন করা হবে। একই সঙ্গে ওই দিন প্রেসক্লাবের সামনে কালো ব্যানার নিয়ে মানববন্ধন করা হবে। কাল বুধবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। এ ছাড়া যশোর পুলিশের ইতিবাচক খবর লিখবেন না সাংবাদিকেরা। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলা, ফখরে আলম, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ।
এরপর সাংবাদিকেরা প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর ঘুরে জেলা প্রশাসকের দপ্তরের সামনে যায়। সেখানে কলম ও ক্যামেরা মাটিতে রেখে প্রায় দুই ঘণ্টা অবস্থান নেওয়া হয়। বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসক হুমায়ুন কবীর উপস্থিত হয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেন যে সংশ্লিষ্ট দপ্তরে তিনি বিষয়টি জানাবেন। এরপর সাংবাদিকেরা অবস্থান কর্মসূচি তুলে নেন। এ সময় যশোরের এসপি আনিসুর রহমানের অপসারণের দাবি তুলে স্লোগান দেন সাংবাদিকেরা।
১৩ মার্চ বেলা ১১টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিনয়কৃষ্ণ মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরে তাঁকে বরখাস্ত করার দাবি জানান। সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর ছেলে সবুজ মল্লিককে ৯ মার্চ পুলিশ যশোর থেকে আটক করে খুলনার ফুলতলা থানায় নিয়ে ৫০ বোতল ফেনসিডিল দিয়ে চালান দিয়েছে।
এই সংবাদ সম্মেলনের প্রায় আট ঘণ্টা পর ওই দিন সন্ধ্যায় যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের বাড়ি থেকে বিনয়কৃষ্ণ মল্লিককে সাদাপোশাকের পুলিশ গ্রেপ্তার করে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, নরসিংদীর একটি প্রতারণা মামলায় বিনয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁকে নরসিংদী নেওয়া হয়।
মামলা ও বিনয় কৃষ্ণ মল্লিকের বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, নরসিংদীর শিবপুর থানার একটি মামলায় বিনয় কৃষ্ণ মল্লিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’ জামিন হয়ে যাবে বলেও তিনি জানান।